দিনাজপুরের পার্বতীপুরে বিরোধপূর্ণ জমিতে বন্ধুর বাড়ি নির্মাণে সহায়তা করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে মনোরঞ্জন নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জনের বাড়ি পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলায়। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় নির্মাণকাজে সহযোগিতার জন্য মনোরঞ্জনকে ডেকে পাঠানো হয়। খবর পেয়ে তিনি চিরিরবন্দর থেকে ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গাছের ডাল দিয়ে তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান।
স্থানীয় আল রোমান নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সংঘর্ষের সময় একজনের মৃত্যুর খবর জানান। পরে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।