রাজবাড়ীতে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল। গতকাল বুধবার সকালে র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার কিশোরের নাম রাসেল কবিরাজ (১৭)। তার বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামে। রাসেলের বাবার নাম আলাল কবিরাজ।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফরিদপুর র্যাব ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজবাড়ী শহরের প্রেসক্লাবের উত্তরপাশে মসজিদ গলিতে কয়েকজন ইয়াবা চালান নিয়ে অপেক্ষা করছে। বিষয়টি জানার পর, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় রাসেলের কাছ থেকে পাঁচ হাজার ৫৮০টি ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামীকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।