রাজবাড়ীঃ
১৮ ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবস। রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে পুস্পমাল্য অর্পন, আলোচনা ও প্রীতি ফুটবল খেলা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে বিকেল ৩টায় শহরের ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে বড়পুল এলাকায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি অনুপ কুমার দাস। বক্তব্য দেন প্রথম আলো রাজবাড়ী স্বাগত বক্তব্য দেন প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। এতে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন, উপদেষ্টা তুহিন চৌধুরী, রাজবাড়ী টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল কুদ্দুস, বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল। খেলায় জার্সির স্পন্সর ছিল ওয়ালটন। এসময় বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।
উদ্বোধক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজের সঙ্গে থাকে। ভালো কাজের উদ্যোগ নেয়। তা বাস্তবায়ন করে। খেলাধূলা করলে পরস্পরের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। শরীর ও মন ভালো থাকে। তবে শিক্ষার্থীদের এক নম্বর কাজ হবে পড়ালেখা করা। দুই নম্বর কাজ হবে খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশ করা। কারণ শুধুমাত্র বইয়ের পড়ায় নিজের ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত হয়না।
আলোচনা শেষে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে পদ্মা ও গড়াই নামে দুটি দল অংশগ্রহণ করে। পদ্মা দলের নেতৃত্ব দেন আশিফ মাহমুদ। গড়াই দলের নেতৃত্ব দেন মো. রাতুল। খেলায় উভয় দল এক এক গোল দেয়ায় খেলা ড্র করা হয়।