মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারী চালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও তিন যাত্রী। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার হাতিবান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবু সরকার (৬০)। সে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামের আক্কাস আলীর ছেলে বলে জানা যায়।তিনি আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন চন্ডিহারা শাখার সদস্য ছিলেন। জানা যায়,২৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে চন্ডিহারা নাগরকান্দি বন্দর থেকে ব্যাটারি চালিত অটোভ্যানে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের হাতিবান্দা এলাকায় রংপুর দিক থেকে আসা যাত্রীবাহী বাস পেছন দিক থেকে অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়,যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবু সরকারের মৃত্যু হয়।পরে বাবুর স্বজনেরা মরদেহ শনাক্ত করে বাড়িতে নিলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর ইসলাম জানান,ঘাতক বাস জব্দ করা হলেও বাসের চালক ও সহকারি পলাতক।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।