রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার রাত পৌনে ১০টার দিকে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহতের নাম মিজানুর রহমান। তিনি পাংশা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সার-কীটনাশকের ব্যবসা করতেন।
নিহতের আত্মীয় পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীদুল ইসলাম মারুফ বলেন, আজ আমার দুলাভাই মিজানুর রহমানের দোকানে হালখাতা ছিল। দোকানের কাজ সেরে তিনি মোটর সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে
আরও দুইজন লোক ছিল। দোকান থেকে প্রায় আধা কিলোমিটার দুরে মোটর সাইকেলের গতিরোধ করা হয়। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। তবে দুলাভাইয়ের সঙ্গে দুইজনের কোনো ক্ষতি
হয়নি। তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। তিনি বলেন, রাত পৌণে১০টার দিকে তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ এবিষয়ে কাজ করছে। আশা করছি, হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারবো।