রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে ২১০০টি ইয়াবা বড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসিফ মিয়া ওরফে হাস (৩২)। তিনি রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মিয়ার ছেলে। অপরজন ফারুক শেখ (৩৪)। ফারুকের বাবার নাম বিল্লাল শেখ। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ৩টার দিকে আসিফ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘরের ভেতর একটি কাপরের থলের ভেতর থেকে এক হাজার ৪০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির দাম চারলাখ ২০ হাজার টাকা। এরপর আসিফের দেওয়া তথ্য অনুযায়ি বিকেলে সাড়ে ৪টার দিকে সজ্জনকান্দার ফারুক শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির দাম দুই লাখ ১০ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, অভিযানে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট দুই হাজার ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ার মাদকের মোট দাম ছয় লাখ ৩০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে