মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
সারাদেশে গোপন তৎপরতায় দীর্ঘদিন অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপতৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেই এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে রাজবাড়ী জেলা ছাত্র দল।
সোমবার শেষ দুপুরের থেকেই জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা একত্রিত হতে শুরু করে। এরপর বিকেল ৫ টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের পান্না চত্ত্বর ঘুরে বাজার হয়ে ১ নম্বর রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ,যুগ্ম আহবায়ক আতিয়ার শিকদার আতিক, জেলা সদস্য নিকবর হোসেন প্যারিস, সদর উপজেলার ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক প্রমুখ।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল শেখ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জামিল সরদার, সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৭ বছর গুপ্তচরের মত রাজনীতি করেছে একটি সংগঠন। আওয়ামী লীগ সরকারের সকল অপকর্মের সাথে তারা যুক্ত ছিল। তারাই আজ বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। বিএনপিকে নিয়ে কেউ কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের রাজপথে প্রতিহত করা হবে।