মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী জেলা সংবাদদাতা :
রাজবাড়ীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলকে ষড়যন্ত্রমূলকভাবে ইয়াবা দিয়ে ফাসিয়ে গ্রেফতারের প্রতিবাদে এবং তার এই মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা পৌনে ১২ টার দিকে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক টুটুলের পরিবারবর্গের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আহসান হাবীব টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ ও মেয়ে লামিয়া হাবীব সুরভী বলেন, গত ১ জুলাই ভোর ৬ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজবাড়ী শহরে বিনোদপুরে তাদের বসতবাড়িতে গিয়ে ডাকাডাকি করে। তার বাবা বাড়ির গেট খুলে দেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ‘ইয়াবা কোথায় আছে’ প্রশ্ন করতে থাকেন। এসব কথা শুনে তার বাবা আহসান হাবীব হতভম্ব হয়ে পড়েন। বলেন, এসব আমার কাছে কীভাবে আসবে?
তারা উল্লেখ করেন, এধরনের কথা বলায় এক পর্যায়ে সাংবাদিক টুটুলের শরীরে আঘাতও করেন ওই সদস্যরা। তাদের দাবি বাড়িতে মোট ১৩ টি কক্ষ রয়েছে। তবে মাদকের সদস্যরা তাদের বাড়ির ভেতরে ঢুকে একটি নির্দিষ্ট কক্ষে যাওয়ার জন্য তালাবদ্ধ কক্ষ খুলে দিতে বলেন। পরে সদস্যরা সেই কক্ষ থেকে ঘুরে এসে কিছুক্ষণ পরে জানায় সেখানে ইয়াবাসহ একটি প্যাকেট পাওয়া গেছে বলে জানান তারা। তাদের বাড়িতে ১৩টি কক্ষ। তারা সুনির্দিষ্ট একটি কক্ষে গিয়ে কীভাবে ইয়াবা পেল? তারা একটি সম্ভ্রান্ত পরিবারে অভিযানে এসেছে অথচ তারা কোনো সাংবাদিক বা কোনো ক্যামেরা আনেননি সাথে। এলাকার কোনো ব্যাক্তিকেও রাখেন নি এই অভিযানে।
তারা আরও উল্লেখ করেন, আসলে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার তার বাবা। যারা নিজেরাই ইয়াবা দিয়ে তার বাবাকে ফাঁসিয়েছেন।
তারা আরও বলেন, তারা সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তার দাদা মোহাম্মদ সানাউল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি বিটিভি, দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকালসহ দেশের প্রথম সারির মিডিয়াগুলোতে সুনামের সাথে কাজ করেছেন। সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও যুক্ত ছিলেন। তার চাচা আহসান রাজীব বুলবুল কানাডা প্রবাসী। যিনি কানাডায় থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। বাংলাদেশের দৈনিক সমকাল এবং চ্যানেল আই এর কানাডার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁর চাচী লায়লা নুসরাতও কানাডায় থেকে বাংলাদেশের দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কাজ করছেন। সম্ভ্রান্ত পরিবারের সদস্য হয়ে মাদকের মতো ঘৃৃণ্য কাজে কখনও তার বাবা লিপ্ত থাকতে পারেন না বলে মনে করেন তারা।
এসময় তাদের বাবার বিরুদ্ধে এ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি করেন তারা। ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহসান হাবীবের ছেলে সিনান আহমেদ ও মেয়ে সুরভী। এসময় সাংবাদিক আহসান হাবীবের খালা উম্মে হাবিবা, বন্ধু ফারুক হোসেন উপস্থিত ছিলেন।