মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপণ উপলক্ষে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মৌন মিছিল অনুষ্টিত হয়।
বেলা ৩টা থেকেই কর্মসূচিকে ঘিরে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা একত্রিত হতে শুরু করে। বিকেল সাড়ে ৫ টার দিকে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কের হয়ে কোর্ট চত্ত্বর হয়ে রেলগেট শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপিকে পেছনে ফেলে আগানোর সুযোগ নেই। যদি কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, আমাদের সন্তানরা বিগত ১৭ বছর মাঠে ছিল। জেল ঘেটেছে। হামলা মামলা উপেক্ষা করে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। এখন বহু ছোট ছোট রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করতে চাইবে। এই সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা সেটার বাস্তবায়ন চাই। এই সরকারকে সেটা বাস্তবায়ন করতে হবে।