মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে আবু জাফর আলী নামের এক বয়োবৃদ্ধ ও অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে হুমকির ফাঁদে ফেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) যাচাই-বাছাই টিমের কর্মকর্তাগনের সামনে তাকে দিয়ে ভুল জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে অভিযুক্ত পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সাবেক এক ডেপুটি কমান্ডারসহ আরও দুই সহযোদ্ধা।
আজ (২১ জুলাই) সোমবার দুপুরে উপজেলার পূর্ব হোসেনপুর গ্রামের নিজ বাড়ির উঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে গেজেটধারী মুক্তিযোদ্ধা এই অভিযোগ করেন। এসময় পার্বতীপুরের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি কম্পিউটারে টাইপকৃত ও তার নিজ হস্তে স্বাক্ষরিত এই অভিযোগটি তার নিকটাত্নীয় রাশেদুজ্জামানের মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি জানান, আমার গেজেট নং- ৩৫৬৮, লাল মুক্তিবার্তা নং- ০৩০৮০৮০৫৮০, মুক্তিযোদ্ধা নং- ০১২৭০০০৫৪১৪। আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে ভারতে গমন করি। সেখানে তিনটি ট্রেনিং ক্যাম্পে আমি ট্রেনিং সম্পন্ন করি। সর্বশেষ হামজাপুর ট্রেনিং ক্যাম্পে অস্ত্রসহ ট্রেনিং সম্পন্ন করি। অতঃপর বাংলাদেশে এসে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রাম এলাকায় খান সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করি।
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে আমার সকল মুক্তিযোদ্ধার সনদপত্রাদি পর্যালোচনা করে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেন। তারপর থেকে আমি নিয়মিত ভাতাও ভোগ করে আসছি।
কিন্তু হঠাৎ আমার নামে কতিপয় মুক্তিযোদ্ধার মিথ্যা অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় আমাকে তলব করে। আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে অভিযুক্ত করা হয়। আমি বয়সের ভারে এখন অসুস্থ্য একজন মানুষ। গত ১৪ জুলাই তারিখে আমি ঢাকার চিটাগাং হোটেলে অবস্থান করাকালে তিন চারজন মুক্তিযোদ্ধা আমাকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে আমাকে বলে যে, ১৫ জুলাই জামুকায় যাচাই বাছাই অনুষ্ঠানে অস্ত্র ট্রেনিংয়ের কথা বলবেন না। শুধুমাত্র লাঠি-সোটা চালানোর ট্রেনিংয়ের কথা স্বীকার করবেন। তা নাহলে তোমাকে আমরা যেকোনভাবেই হত্যা করবো। তাদের ভয়ে আমি জামুকায় তাদের শেখানো জবানবন্দি প্রদান করি। আমি নিরূপায় হয়ে এই ভুলটি করি। আমার এই ভুলের জন্য আমার গেজেট বাতিল হয়ে যেতে পারে। হুমকিদাতা ওই সহ যোদ্ধাদের দায়ের করা অভিযোগ প্রমানিত করতেই হুমকির মুখে আমাকে দিয়ে ভুল জবানবন্দি প্রকাশ কারায় তারা। তাই আমি আপনাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
আমি বিষয়টি পার্বতীপুর মডেল থানায় সাধারন ডায়েরি করার প্রস্ততি নিয়েছি। আমি আইনি ব্যবস্থা নিবো। জরুরী প্রয়োজনে বিষয়টি পত্রিকায় প্রকাশ করা দরকার। মানবিক কারনে তিনি সাংবাদিকগনকে বিষয়টি পত্রিকায় প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন।