মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে মোটর মেকানিকের দোকানের এয়ার কম্প্রেসার মেশিন (হাওয়ার মেশিন) বিষ্ফোরিত হয়ে মিলন মওলা (৫৫) নামের একজন মারাত্বকভাবে আহতের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর গ্রামের তালতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মোটর মেকানিকের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় আহত মো. মিলন মওলা রাজবাড়ী জেলা শহরের ধুঞ্চি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় নজর মওলার ছেলে। মিলন মওলা নিজেই দোকানে মেকানিকের কাজ করতেন।
প্রতক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতই মিলন মওলা তার দোকানে কাজ করছিলেন। এসময় হঠাৎ সজোরে বিকট একটি শব্দ শোনা হয়। তখন আশেপাশের লোক দৌঁড়ে আসলে মিলনকে দোকানের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। বিষ্পোরণে মিলনের হাত-পাসহ কয়েকটি স্থানে মারাত্বক ক্ষত তৈরি হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরুল ইসলাম আজম বলেন, আহত অবস্থায় মিলন নামে একজনকে নিয়ে আসা হয়েছিল। তার হাত-পা সহ কয়েকটি স্থানে মারাত্বক ক্ষত হয়েছে। অনেক স্থানের মাংসপেশি থেকে মাংস বিছিন্ন হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ের সকল চিকিৎসা তাকে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, এয়ার কম্প্রেসার ব্যবহারের কিছু নিয়ম মানতে হয়। অনেকদিন ব্যবহারের ফলে মরিচা পরে এটি দুর্বল হয়ে পরে। এয়ার কম্প্রেসার ব্যবহারে মানুষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে।