পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সিনিয়র সদস্যের বিরুদ্ধে আদালতে মিথ্যা সিআর মামলা দায়ের ও পিবিআই কর্তৃক সাজানো প্রতিবেদন দাখিলের প্রতিবাদে পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সংলগ্ন স্থানীয় শহীদ মিনার সড়কে আজ (২০ মে) বুধবার সকাল ১০ টায় প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শ,আ,ম হায়দার, মামুনুর রশিদ, মাহফিজুল ইসলাম রিপন, আব্দুল জলিল, ইফতেখার হাবিব, তাজকির হোসাইন, আল মামুন মিলন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা পিবিআই’র অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ ইন্সপেক্টর প্রদীপ কুমার কর্তৃক আদালতে পক্ষপাতদুষ্ট মিথ্যা তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে মামলার বাদী কথিত সাংবাদিক মিজানুর রহমান মিজানকে মানববন্ধন কর্মসূচি থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, পার্বতীপুর প্রেসক্লাবে নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে প্রেসক্লাব থেকে বিতাড়িত মিজানুর রহমান মিজান ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর তারিখে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি সিআর মামলা দায়ের করেন, মামলা নং- ৬১৪/২৫।
আদালত একই বছরের ১১ ডিসেম্বর তারিখে দিনাজপুর পিবিআই কর্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এরপর পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ ইন্সপেক্টর প্রদীপ কুমার পার্বতীপুর প্রেসক্লাবে তদন্তে আসেন। তদন্তকালে তারা বিবাদীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনই সত্যতা খুঁজে পাননি। সেইসময় সকল স্বাক্ষীগন তাদের স্বাক্ষ্যে বলেছিলেন, প্রেসক্লাবে মিজানুর রহমান মিজানের সাথে কারও কোন প্রকার হট্টগোল হয়নি।