নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু) নিজস্ব অর্থায়নে দুটি স্থায়ী পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
রানীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকা এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্থানে পুলিশ বক্স দুটি নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় ছিনতাই ও নানা অপরাধের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছিল।
গত ২৫ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমপি রেজু জানান, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ বক্স চালু হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়বে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও জোরদার হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আত্রাই ও রানীনগরের স্থানীয় বাসিন্দারা।