মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) রাজবাড়ী জেলার শহরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়৷
আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ, পরিদর্শক মো. ইমরান হোসেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে রাজবাড়ী জেলার শহরের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে সদর উপজেলার রেলগেট বড় বাজারের ২ টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দোকানগুলো থেকে ৩শ ৯৪ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে জেলা প্রশাসনের মাধ্যনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা শহরের ২ টি দোকান থেকে ৩শ ৯৪কেজি পলিথিন ব্যাগ জব্দ করে দোকান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।