রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামি ১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা কার্যক্রম চলবে। মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল বিভিন্ন প্রকাশনার মোট দশ হাজারের বেশি বই রয়েছে। মেলায় উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমনকাহিনি, কবিতার বই, নাটকের বই, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, স্বাস্থ্য-চিকিৎসাসহ বিভিন্ন ধরণের বই রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের দক্ষিণ পূর্ব দিকে একটি লম্বা তাবু টানিয়ে ঘর বানানো হয়েছে। ঘরের মধ্যে ছোট ছোট তাকে সুন্দর করে বইগুলো সাজানো রয়েছে। অনেকেই এই ভ্রামমান বই মেলা দেখতে এসেছেন। কেউ বই পড়ছে। আবার কেই তার পছন্দের লেখকের বইগুলো সংগ্রহ করছেন।
রাজবাড়ী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান মেলায় বই দেখছিলেন। তিনি বলেন, ‘আমি টিউশন করে বাসায় যাচ্ছিলাম। তখন দেখি বিশ্ব সাহিত্যকেন্দ্র এখানে ভ্রাম্যমান বই মেলা বসিয়েছে। ছোট থেকেই পড়ে আসছিলাম বিশ্ব সাহিত্যের বইগুলো অনেক ভালো। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আমি তিনটি পুরষ্কার পেয়েছি। আমার বই পড়তে খুবই ভালো লাগে। এখানে রবীন্দ্রনাথের গীতবিতান বইটি আমি পেয়েছি। বইটি আমি নেব।’
ফরিদ মোল্লা নামে এক পাঠক বলেন, মানুষের মধ্যে আলো ছড়াতে হলে বই পড়ার বিকল্প নেই। বিশ্ব সাহিত্য কেন্দ্রর উদ্যোগে যে বই মেলা দেওয়া হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ। তবে শুধুমাত্র শহরেরই না। শহরের বাইরেও এই ভ্রাম্যমান বই মেলার উদ্যোগ নিলে খুব ভালো হবে।
ভ্রাম্যমান বই মেলার ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডল বলেন, ‘যে কেউ চাইলে এখান থেকে বই কিনকে পারবে। যারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য তাদের জন্য ৩৫ শতাংশ ছাড় রয়েছে। এছাড়া বিশ্ব সাহিতের বই গুলো সবার ক্ষেত্রে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইতে ২৫ শতাংশ ছাড় রয়েছে। এখানে আসার আগে উপজেলা পর্যায়ে আমরা তিনটি স্থানে এই মেলা পরিচালনা করেছি। সেখানে ব্যাপক সারা পেয়েছি। এটা জেলা শহর। আমি আশা করবো এখানে আরও বেশি সারা পাবো।’