রাজবাড়ীতে পবিত্র রমজান উপলক্ষে সুলভমূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ডেইরী ও পোল্ট্রি এসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ী সমিতির সহযোগিতায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই অস্থায়ী বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়।
বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা মো. উমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মানুষের শরীরে প্রাণিজ আমিষের ঘাটতি মেটাতে রমজানে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সপ্তাহে শুক্র ও শনিবার এই কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এর কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন এই বিক্রয় কেন্দ্রে ৫০০ পিস ডিম, ৬০ লিটার গরুর দুধ ও ১০০ কেজি গরুর মাংস বিক্রি করা হবে। প্রতি হালি ডিমের দাম ৩০ টাকা, ১ লিটার দুধের দাম ৭০ টাকা ও ১ কেজি মাংসের দাম ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই হালি ডিম, এক লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজার মূল্যের চেয়ে কম দামে মানুষ পণ্য কিনতে পারবে।