ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন-এ সরকারের ঈদ উপহার হিসেবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার ১ মার্চ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিষদের সভা চলাকালে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন। এ সময় ইউপি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠি দিয়ে পরিষদের বারান্দায় ভাঙচুর চালানো হয়। কয়েকজন সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারিভাবে ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬ হাজার ৫৪৬ জন উপকারভোগীর মধ্যে এই চাল বিতরণ করা হবে।
চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে কার্ডের ভিত্তিতে চলতি সপ্তাহেই চাল বিতরণের কথা রয়েছে।

খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তার ইউনিয়নে ৬৩৫ জনের নামে চাল বরাদ্দ এসেছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে কার্ড বিতরণের লক্ষ্যে পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক চলছিল। এ সময় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশারের নেতৃত্বে ৪০-৫০ জন কার্যালয়ে প্রবেশ করে অর্ধেক কার্ড দিতে হবে বলে দাবি করেন। এতে উত্তেজনা সৃষ্টি হয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

লাঞ্ছিত ইউপি সদস্য আব্দুল মজিদ বলেন, “গরিব মানুষের ঈদ উপহারের ভাগ কেন দিতে হবে? ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

তবে অভিযোগ অস্বীকার করে খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ডেকেছিলেন, তাই আমরা সেখানে গিয়েছিলাম। আমি শুধু বলেছি, প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা যেন নিজ নিজ ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সমন্বয় করে ভিজিএফের চাল বিতরণ করেন। অর্ধেক কার্ড চাওয়ার অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লেখক