দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি বাজার এলাকার ক্লাবের মোড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নেত্রকোনা জেলার সদর থানার শ্রীপুর বালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কায়েমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাকিব আহমেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নের্তৃত্বে একটি টহল দল হাবড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিলো। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঝিনাইকুঁড়ি বাজারের ক্লাবের মোড় এলাকায় পৌঁছে একটি সন্দেহজনক পিক-আপ ভ্যানসহ দুইজনকে আটক করে। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ঢাকা মেট্রো-ন-১২-২৭৪৬ নম্বরের পিকআপ ভ্যানটি।
এসআই নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে— তারা ঢাকার শনির আখড়া এলাকা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে পার্বতীপুরের হাবড়া ইউনিয়নে নিয়ে আসছিলো। এর আগেও তারা অন্তত দুইবার একই এলাকায় মাদক সরবরাহ করেছে বলে দাবি করেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় দ্রুত অভিযান পরিচালনা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জব্দকৃত গাঁজা ও পিকআপ ভ্যানসহ গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্তঘেঁষা এলাকায় মাদক প্রবেশের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পার্বতীপুর সহ আশেপাশের উপজেলাগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। পুলিশের এ ধরনের অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে বলেও মন্তব্য করেন তারা।