রাজবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মো. জামাল উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এ সময় আরও বক্তব্য দেন সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইএনও) নিরুপুমা রায়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান। সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, রায়হানুল ইসলাম।
বক্তারা বলে, শিক্ষা শুধুমাত্র নাম লেখা আর পড়তে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করা। যদি একজন শিক্ষিত মানুষের মধ্যে মানবিকবোধ আর মূল্যবোধ সৃষ্টি না হয় তাহলে তাকে আর শিক্ষিত বলা যাবে না। শিক্ষার পরিধি এখন বৃদ্ধি পেয়েছে। শিক্ষা অবশ্যই জীবনমূখী হতে হবে। বর্তমান শিক্ষা ডিজিটাল যুগে পৌঁছেছে।
সকলকে এই দক্ষতা অর্জন করতে হবে। কর্মমূখী শিক্ষার মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে একই স্থানে শেষ হয়।