মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে খামারপাড়া কমিউনিটি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের কারনে তাকে শো-কজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শো-কজের কোন জবাব না দেয়ায় ঐ শিক্ষকের বেতন ভাতাদি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এলাকার দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন গত ২৮ মে ঐ স্কুল পরিদর্শনে যান এবং নানা অনিয়ম দেখতে পান। অনিয়মগুলোর মধ্যে রয়েছে, সহকারি শিক্ষক ফারুক হোসেন প্রধান শিক্ষক না হয়েও শিক্ষক হাজিরা খাতায় প্রধান শিক্ষকের ঘরে স্বাক্ষর করেন। তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ছুটি ছাড়াই গত ১২ মে থেকে ২০ মে পর্যন্ত মোট নয় দিন হাজিরা খাতায় ‘সিএল’ লেখেন। এসব অনিয়মসমূহ সহকারী শিক্ষক ফারুক হোসেন কর্তৃক চরম অবহেলার শামিল। একজন সরকারী কর্মচারী হিসেবে সরকারি চাকুরী আচরনবিধির সুস্পষ্ট লঙ্ঘণ ও বিভাগীয় শাস্তিযোগ্য অপরাধ। তার উপরোক্ত অনিয়ম ও কার্যকলাপের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, শো-কজের সাত দিন গত হলেও ঐ শিক্ষক কোন জবাব দাখিল করেনি। ফলশ্রুতিতে, চলতি জুলাই মাসে শিক্ষক ফারুক হোসেনের বেতন বন্ধ করে দেওয়ায় তিনি কোন বেতন উত্তোলন করতে পারেননি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারী পরিচালক (আইন) স্বাক্ষরিত ২৪ ফেব্রুয়ারী পত্রের স্মারক নং ১৬৫ এবং দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২ মার্চ পত্রের স্মারক নং ৪৯৩/২ মূলে সহকারি শিক্ষক ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার ৩ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পত্রের স্মারক নং ৩৮৮/৯ মূলে যে আদেশ প্রেরন করা হয় তাহা মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ২১ এপ্রিলের রিট পিটিশন নং ৬৩৩২ আদেশে স্থগিত করা হয়।
উল্লেখ্য, খামারপাড়া কমিউনিটি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক টানা ছয় বছর দায়িত্বে থাকার পর ২০২৪ সালের এপ্রিল মাসে কর্তৃপক্ষের নির্দেশে অন্যত্র বদলী হয়ে যান। তদস্থলে স্কুলের সিনিয়র শিক্ষক রেশমা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন কর্তৃপক্ষ। এ নিয়ে সহকারী শিক্ষক ফারুক হোসেন মনঃক্ষুন্ন হন এবং নানা অভিযোগ করতে থাকেন।
জানতে চাইলে অভিযুক্ত সহকারি শিক্ষক ফারুক হোসেন জানান, আমার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা বেগম জানান, এসব কারনে স্কুলে শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন সোমবার এ প্রতিনিধিকে জানান, তার বিরুদ্ধে নানা অভিযোগের শো-কজ করা হলে তিনি কোন জবাব দেননি। এজন্য তার বেতন বন্ধ করে দেওয়া হয়।