রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পাম্প থেকে গাড়ির তেলের টাকা না দিয়ে চলে যাওয়ার সময় টাকার জন্য গাড়ির পিছু নিলে পাম্পের কর্মচারী রিপন সাহা (২৯) নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গাড়ির মালিক আবুল হোসেন সুজন ও চালক কালাম সরদার। আবুল হোসেন সুজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামে। তার বাবার নাম আলী মিয়া। তিনি জেলা যুব দলের সাবেক সভাপতি ও পেশায় একজন ঠিকাদার। কালাম সরদার বানিবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামের আক্তার সরদারের ছেলে।
করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি ও রিপন দায়িত্ব পালন করছিলেন। ভোর সোয়া চারটার দিকে একটি কালো রঙের পাজেরো জিপ এসে পাম্পে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে একজন নেমে এসে পাঁচ হাজার টাকার তেল দিতে বলে। তেল নেওয়ার পর তিনি টাকা না দিয়েই গাড়িতে উঠে বসে। এসময় টাকা দিতে নানা ধরণের টালবাহানা করছিলেন। এক পর্যায়ে টাকা না দিয়ে গাড়িতে গিয়ে বসেন তিনি। এরপর গাড়ি চালিয়ে চলে যেতে থাকেন গাড়ি চালক। এসময় রিপন গাড়ির পিছু নেয়। গাড়ি জোড়ে টান দিলে রিপনও জোড়ে দৌঁড়াতে থাকে। পরে সামনে গিয়ে দেখা যায় রিপনের থেতলানে নিথর দেহ পরে আছে।
এই ঘটনার সিসি টিভি ফুটেজে দেখা যায়, একটি কালো রঙের পাজেরো জিপ গাড়ি পাম্পের সামনে এসে দাড়ায়। এরপর জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হোসেন সুজন এসে গাড়ির তেলের ট্যাঙ্কি খুলে দেন। তারপর পাম্বের দায়িত্বে থাকা কর্মী গাড়িতে তেল দিতে থাকেন। এসময় সুজন ও পাম্প কর্মী আলাপচারিতা অবস্থায় ছিল। এরপর সুজন গিয়ে গাড়িতে বসে। তারপর গাড়িটির দরজা না আটকিয়েই সামনে আগাতে থাকে। এসময় রিপনকে গাড়ির সাথে সাথে দৌঁড় দিতে দেখা যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, তেলের টাকা না দিয়ে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে জিপ গাড়ির মালিক ও চালকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই লিটন সাহা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।