আবু হাসান আপন, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফারজানা আক্তার নামক এক নারীকে দুই বন্ধুর বিয়ে ও শ্বশুরকে ইয়াবা দিয়ে ধরিয়ে দেয়া নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২৪ ইং তারিখে ৩৯ পিস ইয়াবাসহ মো. আব্দুল হক (৬১)কে গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করে নবীনগর থানা পুলিশ। পরে গত ২৮ ডিসেম্বর ২৪ ইং তারিখে মো. আব্দুল হকের বড় ছেলে এডভোকেট গোলাপ মিয়া ওরফে সাদ্দাম তার বাবাকে ‘পূর্ব শত্রুতার জের ধরে কৌশলে প্রতারনা করে মো. জালাল পাশা নিজে ইয়াবা দিয়ে ধরিয়ে দেয় ও তার স্ত্রী ফারজানার সাথে পরকীয়া করে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে’ বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। পরে ২৯ ডিসেম্বর ২৪ ইং তারিখে পাল্টা সংবাদ সম্মেলন করেন মো. জালাল পাশা। তিনি সংবাদ সম্মেলন করে গোলাপ মিয়ার সংবাদ সম্মেলনে বলা একাধিক দাবিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে বানোয়াট বলে দাবি করেন। তিনি গোলাপ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।
জানা যায়, ফারজানা আক্তারকে ধুমধাম করে হেলিকপ্টার করে বিয়ে করে এলাকায় আলোচনা তৈরি করেন গোলাপ মিয়া। পরে গোলাপ মিয়ার অবর্তমানে তার বন্ধু পল্লী চিকিৎসক মো. জালাল পাশার সাথে ফারজানার পরকীয়া ও বিয়ের পর থেকে শত্রুতা তৈরি হয়।