রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে চাঁদা চাওয়ায় বন্ধ রয়েছে জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ঠ ভবনের নির্মাণ কাজ। কাজ শেষ না হওয়ায় ভবনটি হস্তান্তর করা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে সম্পতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জানা যায়, ২০ জুলাই রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা গণপূর্তি বিভাগ থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম অংশ নেন। এসময় জেলা প্রশাসক তার কাছে হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ঠ ভবনের কাজের অগ্রগতি জানতে চান। এসময় জহিরুল ইসলাম বলেন, চাঁদা দাবির কারণে হাসপাতালের লিফট স্থাপনের কাজ কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিকাদারের লোকজন ভয়-ভীতির মধ্যে আছেন।
এ বিষয়ে চলতি বছরের জানুয়ারি মাসে গণপূর্তি বিভাগের উপ-বিভাগীয় উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) মো. আব্দুর রশিদ মন্ডল রাজবাড়ী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকতাকে লিখিত ভাবে অবিহিত করেন। এর একটি করে অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জের কাছেও প্রদান করা হয়।
সেখানে তিনি উল্লেখ করেন, ‘জেলা সদর হাসপাতালের অভ্যন্তরে বিষয়ে উল্লেখিত কাজটি চলমান আছে। গত ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ ইন্সলেশন কাজ চলমান থাকা অবস্থায় দুপুর আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০জন অস্ত্রধারী লোকজন প্রকল্প সাইটে প্রবেশ করে চাঁদা দাবি করে লিফটের মূল্যবান মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। একই সাথে চাঁদা দেওয়া না হলে প্রাণনাশের হুমকি প্রদান করে যায়। বর্তমানে উক্ত ঘটনার প্ররিপ্রেক্ষিতে সাইটে নিয়োজিত লোকজন ভয়-ভীতির মধ্যে দিন যাপন করছে।’ এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তিনি।
এর আগে একই তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান সুপার স্টার ইঞ্জিনিয়ারিং লিমিটের এর পক্ষ থেকে রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রে চাঁদা চাওয়ার বিষয়টি উল্লেখ করেন। এবং পরবর্তী দুই মাস হাসপাতালের কাজ চালানোর জন্য গণপূর্ত বিভাগের কাছে নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ করেন।
এছাড়া, গত বছরের ৩ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নির্মাণাধীন ভবনের ভেতর ৮ থেকে ১০ জন প্রবেশ করে চাঁদা দাবি করে এবং মূল্যবান নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় নৈশ্য প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । এবিষয়েও নিরাপত্তা চেয়ে গণপূর্তি বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত ভাবে অনুরোধ করেন সালাম কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয় কিছু চাঁদাবাজ এসে হাসপাতালের লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে তারা হুমকি ধামকি দিচ্ছে। এতে হাসপাতালের লিফটের কাজ শেষ করতে সময় লাগছে। একাধিকবার আমাদের নিয়োজিত ঠিকাদার চাঁদা পরিশোধ করেছেন। এক গ্রুপ চাঁদা নিয়ে যায়, আরেক গ্রুপ আসে। ঠিকাদার কতজনকে চাঁদা দেবে। এর আগে হাসাপাতালের এসির তার, আউটডোরের জিনিসপত্র খুলে নিয়ে গেছে চোরেরা। তিনি আরও বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রেণির লোক রয়েছে। তারা বিভিন্ন সময়ে এসে হাসপাতালের নির্মাণ কাজে বাঁধা দেয়। তারা এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শন করে।
এবিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, “হাসপাতালের নির্মাণকাজে ঠিকাদারের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি আমি গতকাল (২০জুলাই) জানতে পেরেছি। বিষয়টি জানার পরপরই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, ৫০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২১ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা। এর মাঝে তিন ধাপে সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন চাঁদাবাজির অভিযোগে কাজ বন্ধ রয়েছে।