গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে ২৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাদুল্লাপুরের দাখিল করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগগুলো পর্যালোচনা করা হয়েছে।
এছাড়া, মাউশির নির্দেশে নিয়োগপ্রাপ্ত তদন্ত কর্মকর্তার মতামতের আলোকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়েছে, কলেজ-সংক্রান্ত বিভিন্ন বিনিময় দলিলের মাধ্যমে হস্তক্ষেপের ঘটনাও প্রমাণিত হয়েছে।
এ অবস্থায়, কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট কলেজের গভর্নিং বডির সভাপতিকেও অবহিত করা হয়েছে।
পত্রটির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা (গাইবান্ধা) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে প্রেরণ করা হয়েছে।